হাসিবের ওপর হামলার অভিযোগ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, সরকারকে দায়ী করলেন নাহিদ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সরকারের দুর্বলতার কারণে আবারও সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির মধ্যেও সরকার নির্বিকার রয়েছে। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে। আওয়ামী সন্ত্রাসী ও জুলাই গণঅভ্যুত্থানের সময় চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের বিরুদ্ধে সরকার শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন